মল্লারপুরে BJP অফিসে আগুন, অভিযুক্ত তৃণমূল গভীর রাতে আগুনে পুড়ে গেল BJP-র কার্যালয়। অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি বীরভূমের মল্লারপুর থানার পাখুরিয়া গ্রামের। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের দক্ষিণগ্রাম গ্রাম পঞ্চায়েতের পাখুরিয়া গ্রামের মাঝে BJP-র কার্যালয়টি ছিল। ওই কার্যালয় থেকেই পঞ্চায়েত নির্বাচনের কাজ চলছিল। অভিযোগ, বেশ কিছুদিন ধরে দক্ষিণগ্রাম গ্রাম পঞ্চায়েতের BJP কর্মী-সমর্থকদের হুমকি দেওয়া হচ্ছিল। এনিয়ে তৃণমূলের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ দায়ের করা হয়েছে মল্লারপুর থানায়। BJP-র সাধারণ সম্পাদক অতনু চট্টোপাধ্যায় বলেন, “প্রথমে শাসকদলের দুষ্কৃতীরা আমাদের মনোনয়ন জমা দিতে বাধা দেয়। আমরা প্রতিরোধ গড়ে তোলায় ওরা পিছু হটে। এখন আমাদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য হুমকি দিচ্ছিল। ওদের হুমকিকে গুরুত্ব না দেওয়ায় দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়েছে। থানায় অভিযোগ দায়ের করেছি। পুলিশ ব্যবস্থা না নিলে আমরা আন্দোলনে নামব।” BJP-র জেলা অবজ়ারভার সমীরণ সাহা বলেন, “শাসকদল মানুষের থেকে দূরে সরে গেছে। তাই বোমা, গুলিকে ভরসা করে নির্বাচন জিততে চাইছে। তবে আমরা মানুষের কাছে যাব। মানুষের রায় নিয়ে নির্বাচনে লড়ব।” তৃণমূলের ময়ূরেশ্বর ১ নম্বর ব্লক সভাপতি ধীরেন্দ্র বন্দ্যোপাধ্যায় বলেন, “এই কাজ আমরা করিনি। কারণ আমরা নিজেদের ক্ষতি করব না।”
ফাইল চিত্র
তথ্য-রানা বৈদ্য
No comments:
Post a Comment