প্রয়াত হলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। ৯ আগস্ট বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন তিনি। তারপর থেকেই দিল্লির সেনা হাসপাতালে ভর্তি ছিলেন, সেখানে থেকেই আজ তাঁর মৃত্যু হয়।
গত ৯ আগস্ট বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। এমন অবস্থায় তাকে দিল্লির সেনা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা শারীরিক পরীক্ষার পর জানান তাঁর মাথায় রক্ত জমাট বেঁধে আছে। এরপর দ্রুত অস্ত্রোপচার করে তাঁর মাথা থেকে জমা রক্ত বার করা হয়। কিন্তু তারপর থেকেই তিনি কোমায় চলে যান। ফুসফুসের সংক্রমণ ধরা পরে, কিডনি কাজ করা বন্ধ করে দেয়। আস্তে আস্তে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় এবং সোমবার সন্ধ্যে নাগাদ তাঁর মৃত্যু হয়।
১৯৩৫ সালে জন্মগ্রহণ করেন প্রণব মুখোপাধ্যায়। ১৯৬৭ সালে তিনি রাজনীতিতে আসেন। সেই বছরই প্রথম বার কংগ্রেস দলের প্রতিনিধিস্বরূপ রাজ্যসভায় নির্বাচিত হন। প্রণব মুখোপাধ্যায় তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন সময়ে প্রতিরক্ষা, অর্থ, বিদেশ, রাজস্ব, জাহাজ-চলাচল, পরিবহন, যোগাযোগ এবং শিল্প ও বাণিজ্য মন্ত্রকের মতো একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব গ্রহণ করেছিলেন। ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি ভারতের রাষ্ট্রপতি ছিলেন। তাঁর মৃত্যুতে গোটা দেশে শোকের ছায়া নেমে এসেছে।
No comments:
Post a Comment