স্বাগতা মিস্ত্রী: বর্তমান দুনিয়ায় সামাজিক মাধ্যম ছাড়া এক মিনিটও কাটে না নেট নাগরিকদের। আর সেই সুযোগে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ সহ জনপ্রিয় মাধ্যমগুলিকে মিথ্যা প্রচারের কাজে হামেশাই ব্যবহার করছে স্বার্থান্বেষীরা। একাধিকবার প্রমাণিত হয়েছে ফেসবুক হয়ে উঠেছে ফেকবুক আর ফেক নিউজের আঁতুরঘর।
ফেসবুকে অ্যাকাউন্ট খুলে ক্রমাগত চালানো হতো ভারত বিরোধী প্রচার ও ভুয়ো খবর ছড়ানোর কাজ। পাকিস্তানের এরকম ৪৫৩টি অ্যাকাউন্ট বন্ধ করে দিল ফেসবুক। ওইসব অ্যাকাউন্ট ছাড়াও ১০৩টি ফেসবুক পেজ, ৭৮টি গ্রুপ ও ১০৭টি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও বাতিল করেছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট।ভুয়ো খবর ছড়ানো হতো ওইসব অ্যাকাউন্ট থেকে। কিন্তু এমনভাবে ওইসব পেজ তৈরি করা হয় যাতে মনে হয় তা ভারত থেকেই চালানো হচ্ছে। ভারত ও পাকিস্তানের সামাজিক ইস্যু ছাড়াও ওইসব পেজে থাকতো ভারত-চিন সম্পর্কের মতো বিষয়।উর্দু, পঞ্জাবি, ইংরেজি ও হিন্দি ভাষাতেই পেজ ও অ্যাকাউন্টগুলি চালানো হচ্ছিল। যে পেজগুলি বন্ধ করা হয়েছে, তাতে কমপক্ষে ৭০ হাজার অনুসারী ছিল। সব মিলিয়ে বন্ধ করা অ্যাকাউন্ট ও পেজগুলিতে ১১ লক্ষ ব্যবহারকারী সক্রিয় ছিলেন।
দীর্ঘদিন ধরেই ফেসবুককে হাতিয়ার করে ভারতীয় সেনা ও দেশের নিরাপত্তা সংক্রান্ত গোপন তথ্য হাতিয়ে নেওয়া হচ্ছে বলে স্বরাষ্ট্র মন্ত্রককে বার বার সতর্ক করে দিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। ইতিমধ্যেই হাতেনাতে বেশ কয়েকজনকে পাকড়াও করেছে পুলিশ। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আধা সামরিক বাহিনী ও সেনাবাহিনীর আধিকারিক ও জওয়ানদের সামাজিক মাধ্যম ব্যবহার করা থেকে বিরত থাকারও নির্দেশিকা জারি করেছে স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রক।
শুধুমাত্র পাকিস্তান নয় রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের বেশকিছু অ্যাকাউন্ট বন্ধ করল ফেসবুক। এদের মধ্যে রয়েছে রাশিয়ায় ১৩টি অ্যাকাউন্ট ও ২টি পেজ। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের ৫৫টি অ্যাকাউন্টও বন্ধ করা হয়েছে। পাশাপাশি বন্ধ করা হয়েছে ৪২টি পেজ ও ৩৬ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট।
No comments:
Post a Comment