পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের পর বিজয় মিছিল হয় ময়ূরেশ্বর দুইনম্বর ব্লকে। এই মিছিল কে কেন্দ্র করেই দুই গোষ্ঠীর মধ্যে চলে গুলির লড়াই চলে বোমাবাজি। আবির মাখানো কে কেন্দ্র করেই এই ঘটনার সূত্রপাত।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, বীরভূমে ময়ূরেশ্বর দুইনম্বর ব্লকের তৃণমূল সভাপতি আশিস চন্দ্রের সঙ্গে ময়ূরেশ্বর পঞ্চায়েত সমিতির সদ্য সভাপতি জটিলেশ্বর মণ্ডলের অশান্তি ও বিবাদ দীর্ঘদিন ধরেই। ব্লকের পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে জয়ী হওয়ার জন্য বেজা গ্রামে বিজয় মিছিল বের করেন ব্লক সভাপতি আশিস চন্দ্রের অনুগামীরা। এই বিজয় মিছিল থেকে স্থানীয়দের আবির মাখানো চলছিলো। অভিযোগ, সেই সময় জোর করে জটিলেশ্বর মণ্ডলের অনুগামীদের আবির মাখিয়ে দেন আশিসবাবুর অনুগামীরা। এর জেরে দুই দলের মধ্যে বচসা শুরু হয়। জটিলেশ্বর মণ্ডলের এক সহকর্মীর টিনের বাড়ির চালে বোমা ছোঁড়া হয়। এরপরই চলে এলোপাথাড়ি গুলি ও বোমা। এই ঘটনায় আহত হন দুই দলের বেশ কিছু কর্মী। তাদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
এই ঘটনাটিতে তড়িঘড়ি পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়। যদিও এখনও পর্যন্ত ওই এলাকায় প্রচুর পরিমাণে পুলিশ ও কমব্যাট ফোর্স টহলদারি চালাচ্ছে। এই ঘটনাটিতে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
তথ্যচিত্র-সৌগত মন্ডল
No comments:
Post a Comment