খালি হাতেই দিল্লি থেকে ফিরলেন মুকুল রায়
কৌশিক চক্রবর্তী: করোনা ও তারপরে ঘূর্ণিঝড় আম্ফান এই দুই মিলিয়ে রাজ্য রাজনীতিতে তরজা একেবারে তুঙ্গে। এরইমধ্যে পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে দিল্লি থেকে ভার্চুয়াল জনসভা করেন অমিত শাহ। সূত্রের খবর তার আগেই দিল্লিতে উড়ে গিয়েছিলেন বিজেপি নেতা মুকুল রায়। রাজনৈতিক মহলে সেই নিয়ে জল্পনা চলছেই। তবে কি এবার কেন্দ্রীয় মন্ত্রীর পদ পাচ্ছেন মুকুল রায়? নাকি দিল্লি থেকে নেতৃত্ব দেবেন জাতীয় বিজেপিকে? কিন্তু আপাতত তাকে খালি হাতেই ফিরতে দেখা গেল। প্রসঙ্গত উল্লেখ্য ২০১৬ সালে প্রায় নিজের হাতেই তৈরি করা দল তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে বিজেপিতে যোগ দেন বঙ্গ রাজনীতির এই হেভিওয়েট নেতা। তারপর থেকে তাকে বিজেপিতে কোন গুরুত্বপূর্ণ পদে এখনো পর্যন্ত দেখা যায়নি।
২০১৯ লোকসভা নির্বাচনের আগে অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় কে টার্গেট করে নির্বাচনী প্রচার তিনি চালিয়েছিলেন তবে বঙ্গ বিজেপিতে এখনো পর্যন্ত শেষকথা রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এরইমধ্যে কিছুদিন আগেই ২০২১ বিধানসভা নির্বাচনের উদ্দেশ্যে বিজেপি রাজ্যে একটি কমিটি গঠন করে যেখানে তৃণমূল ছেড়ে আসা সৌমিত্র খাঁ, অর্জুন সিং, সব্যসাচী দত্তের নাম থাকলেও পাওয়া যায়নি মুকুল রায়ের নাম। এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায় কটাক্ষ করে বলেন "আমি তো ভেবেছিলাম কমিটিতে দিলীপ ঘোষের পরেই থাকবে মুকুল রায়ের নাম।"
অনেকে আবার এও মনে করছেন এখনই দিল্লিতে মুকুল রায় কে নিতে চাইছেন না বিজেপি। তার কারণ ২০২১ এ বাংলায় বিধানসভা নির্বাচন বিজেপির পাখির চোখ। পূর্ব ভারতে ক্ষমতা দখলের কথা নরেন্দ্র মোদি অনেকদিন ধরেই বলেছেন । এবারে বিজেপি সেই কাজেই উঠে পড়ে লেগেছে। আর এই ক্ষেত্রে বিজেপির প্রধান প্রতিপক্ষ বাংলায় তৃণমূল কংগ্রেসকে হঠানোর কাজে মুকুল রায় একটি বড় ভূমিকা পালন করতে পারেন বলে জল্পনা শোনা যাচ্ছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার রাজনৈতিক চিন্তাভাবনা তথা পদ্ধতি সবকিছুই মুকুল রায় হাতের তালুর মতো চেনেন। শুরু থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দলটি নিয়ে লড়ে এসেছেন তিনি । মুখ্যমন্ত্রী হয়ে যাওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় দলের সাংগঠনিক সমস্ত দায়িত্বটাই মুকুল রায়ের ওপর ছেড়ে দিয়েছিলেন। তাই বাংলায় ক্ষমতা দখলের ক্ষেত্রে প্রধান গুটি মুকুল রায়ই সাজাবেন কিনা সেই দিকেই চোখ রাখছে রাজনীতিবিদরা।তবে কিছুদিন আগে থেকেই মুকুল রায় কে কেন্দ্রীয় মন্ত্রিত্ব দেওয়া নিয়ে একটু জল্পনা শুরু হয়। অনেকে তো বলেন কয়লা মন্ত্রকের দায়িত্ব সামলানোর কাজ নাকি মুকুল রায়ের ওপর ছাড়া হবে। কিন্তু আপাতত এই নিয়ে কোনো মন্তব্য করতে চাননি মুকুল রায় । তিনি জানিয়েছেন মন্ত্রিত্ব এই মুহূর্তে তার লক্ষ্য নয়। বাংলায় বিজেপির সংগঠনকে আরো শক্তিশালী করে তোলাই তার প্রধান লক্ষ্য।

No comments:
Post a Comment