টিএনই ডেক্স : কথিত আছে সব তীর্থ বার বার গঙ্গাসাগর একবার। চলতি বছরে করোনা সংক্রমণের জেরে বদল ঘটেছে সবকিছুর। এবার করোনার সংক্রমণ ঠেকাতে নতুন পদ্ধতির অবলম্বন করেছে রাজ্য। গঙ্গাসাগরে এবার ই- স্নানের উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্যের পক্ষ থেকে। এবারে অ্যাপের মাধ্যমে গঙ্গাসাগরের জল পাওয়া যাবে।
নিউনর্মালের ছোঁয়া এবার গঙ্গাসাগর স্নানেও। অ্যাপের সাহায্যে সরাসরি সম্প্রচার সকলে দেখতে পারবেন। জানুয়ারির মাঝামাঝি সময়ে গঙ্গাসাগরে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়ে থাকে। কিন্তু অন্যান্য বছরের মতো এবারের পরিস্থিতি এক নয়। করোনার জেরে বদল ঘটেছে গঙ্গাস্নানেও।
নবান্নের মুখ্যসচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ে আজ বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব, দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসক ও পুলিশ সুপার । সূত্রের খবর , রাজ্যের পক্ষ থেকে একটি মোবাইল অ্যাপ তৈরি করা হবে। সেখানে গঙ্গাসাগরের মেলা ,কপিলমুনির আশ্রমের ছবি লাইভ সম্প্রচার করা হবে। তাছাড়াও পুণ্যার্থীরা অ্যাপের সাহায্যে জলের অর্ডার দিতে পারবেন।
যেসব পুণ্যার্থীরা গঙ্গাসাগরের মেলা তে যাবেন তাদের মাস্ক ছাড়া প্রবেশ নিষিদ্ধ। পূণ্যার্থীদের স্যানিটাইজার দেওয়ার জন্য থাকবে ভলেন্টিয়ার। সামাজিক দূরত্ববিধি বজায় রাখা হবে। তাছাড়াও পরিবহন ব্যবস্থা নিয়েও আলোচনা করা হয় এই বৈঠকে । এবার গঙ্গাসাগর মেলার বাজেট রাখা হয়েছে সাড়ে ৬১ কোটি টাকা।
দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৮৯ লক্ষ ৫৮ হাজার ৪৮৪ জন। রাজ্যে আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৪১ হাজার ৮৮৫ জন। দেশে দৈনিক মৃত্যুর সংখ্যা হ্রাস পেয়েছে, বেড়েছে সংক্রমণ। গত ২৪ ঘন্টায় দেশে নতুন সংক্রমিত হয়েছে ৪৫ হাজার ৮৮২ জন। মৃত ৫৮৪ জন।করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৪ হাজার ৮০৭ জন।
No comments:
Post a Comment