করোনার মধ্যে দূষণ এড়াতে,চিকিৎসকের পরামর্শে রাজধানী ত্যাগ করলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Saturday, November 21, 2020

করোনার মধ্যে দূষণ এড়াতে,চিকিৎসকের পরামর্শে রাজধানী ত্যাগ করলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী

করোনার মধ্যে দূষণ এড়াতে,চিকিৎসকের পরামর্শে রাজধানী ত্যাগ করলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী

   টিএনই ডেস্ক  :  সোনিয়া গান্ধী দীর্ঘদিন ধরেই অসুস্থ। দুই বছর আগে যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন তাঁর চিকিৎসা হয়। কোন রোগের চিকিৎসা করাতে গিয়েছিলেন, তা আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও জনশ্রুতি তাঁর ক্যানসার হয়েছিল। আপাতত ক্যানসারমুক্ত হলেও চিকিৎসকের পরামর্শে তিনি বিশেষ দৌড়ঝাঁপ করেন না। এবারও চিকিৎসক তাঁকে হয় তামিলনাড়ু, নয় গোয়ায় যাওয়ার পরামর্শ দেন। সে অনুযায়ী গতকাল তিনি গোয়ায় চলে যান।







        কংগ্রেস সভানেত্রী সোনিয়া ইদানীং মারাত্মক ধরনের ফুসফুসের সংক্রমণে ভুগছেন। হাঁপানির টানও আছে তাঁর। সেই কারণে নির্বাচনী প্রচারে যাওয়ার ধকল নেন না। দিল্লির মাত্রাছাড়া দূষণ তাঁর পক্ষে মারাত্মক। করোনাভাইরাসের মধ্যে দূষণের হাত থেকে বাঁচতে চিকিৎসকের পরামর্শে দিল্লি ছাড়লেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। শুক্রবার বিকেলে তিনি গোয়া পৌঁছান। তাঁর সঙ্গে গেছেন কংগ্রেস নেতা ও ছেলে রাহুল গান্ধীও।
       দীপাবলি উপলক্ষে দিল্লির বায়ুদূষণ প্রতিবছর খুবই বেড়ে যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। সেই সঙ্গে চলছে করোনার তৃতীয় পর্যায়ের সংক্রমণ, যা চিকিৎসক ও সরকারের চিন্তা বাড়িয়েছে। এ অবস্থায় সোনিয়ার চিকিৎসকেরা অন্তত কিছুদিনের জন্য তাঁকে দিল্লি ছাড়ার পরামর্শ দেন। কংগ্রেস সূত্রের খবর, দিল্লির সার্বিক পরিস্থিতি ঠিক হলেই সোনিয়া ফিরে আসবেন।
        গত ৩০ জুলাই অসুস্থ হয়ে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছিলেন সোনিয়া গান্ধী। পরে ১২ই সেপ্টেম্বর চিকিৎসার জন্য বিদেশে চলে যান তিনি। সঙ্গে ছিলেন রাহুল গান্ধীও। ফলে ১৪-২৩ সেপ্টেম্বর করোনা আবহে বিশেষ পরিস্থিতিতে সংসদের বর্ষাকালীন অধিবেশন যোগ দিতে পারেননি সোনিয়া ও রাহুল গান্ধী।
        বিহারের দলের আশানুরূপ ফলাফল না হওয়ায় সরাসরি দলের নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেসের বেশ কয়েকজন শীর্ষ নেতৃত্ব। আত্মবিশ্লেষণের দাবি জানিয়েছেন তাঁরা। শতাব্দী প্রাচীন দলের অন্দরে দ্বন্দ্ব প্রকট। ঠিক তখনই সোনিয়া গান্ধীর দিল্লি ছাড়ার ঘটনা তাৎপর্যবাহী বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।
       দিন কয়েকের মধ্যে মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীও মায়ের সঙ্গে হাওয়া পরিবর্তনে যোগ দেবেন। কংগ্রেস সূত্রে এ খবর জানা গেছে। কংগ্রেস সূত্রের খবর, দিল্লির সার্বিক পরিস্থিতি ঠিক হলেই সোনিয়া গান্ধী ফিরে আসবেন।

No comments:

Post a Comment