CAA নিয়ে বেসুরো বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর, পাল্টা আক্রমণ নদিয়া জেলা তৃণমূল সভানেত্রী মহুয়া মৈত্রের
টিএনই ডেস্ক; বিধানসভা নির্বাচনের মুখে বেসুরো বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। সিএএ নিয়ে একরাশ ক্ষোভ উগরেছিলেন শান্তনু ঠাকুর৷ বারাসতে এক মতুয়াদের ধর্মীয় সম্মেলনে উপস্থিত হয়েছিলেন তিনি৷ সেখানেই নিজের ক্ষোভ প্রকাশ করেছিলেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর।তিনি বলেছিলেন, ‘‘মতুয়া ভক্তরা ক্ষিপ্ত। আইন পাশের পর থেকে তারা আশান্বিত হয়ে রয়েছে।
৯ মাস হয়ে গেলে এখনও পর্যন্ত সিএএ সারা দেশে অসম বাদে কোথাও লাগু হয়নি। আমি মতুয়াদের প্রতিনিধি হয়ে সংসদে গিয়েছি। মতুয়া ভক্তদের কাছে আমি প্রতিশ্রুতিবদ্ধ। বহু মতুয়া ভক্ত, পাগল, গোঁসাই আমায় প্রশ্ন করছে কবে নতুন আইনে নাগরিকত্ব পাবেন। উত্তর দিতে পারছি না। আমি দুঃখিত।’’
তাঁর অভিযোগ, "সাংসদ হিসাবে দিল্লিতে বারবার নাগরিকত্ব আইন নিয়ে প্রশ্ন তুলেছি কোন সদুত্তর পাইনি। শনিবার আইন তৈরি পর নয় মাস পার হয়েছে। আরও তিন মাস বাড়ানো যায়। কেন্দ্র এখন কি করে তার দিকে তাকিয়ে আছি। এরপর মতুয়া ভক্তরা যে সিদ্ধান্ত নেবে সেটাই হবে আমার সিদ্ধান্ত। কেন্দ্রের এই আইন লাগু করার দায় শুধু মাত্র কেন্দ্রের।"
নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকরের দাবিতে এবার কেন্দ্রীয় নেতৃত্বকে চিঠি দিতে চলেছেন তিনি। আর সেই চিঠির খসড়া তৈরি করে দিয়েছেন বিজেপি নেতা তথাগত রায়। রাজ্যপালের পদ থেকে অব্যহতি নিয়ে সক্রিয় রাজনীতিতে ফিরতে মরিয়া তিনি। বুধবার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে গিয়ে শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠক করেন তথাগতবাবু। কেন্দ্রকে শান্তনু যে চিঠি দেবেন তাঁর খসড়া তাঁর হাতে তুলে দেন তিনি। এর পর শান্তনু বলেন, ‘নাগরিকত্ব আইন পাশ হয়ে গেলেই সমস্যার সমাধান হয় না। মতুয়াদের নাগরিকত্ব না দেওয়া হলে আইন করে কী লাভ। আর সেই আইন তিন মাসের মধ্যে কার্যকর করা না হলে ফের সংসদে তা পাশ করাতে হবে। এই নিয়ে উদ্বিগ্ন মতুয়া সমাজ।’
সম্প্রতি রাজ্যে এসে দলের নেতাদের CAA নিয়ে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর পরেই CAA আইন বলবত করার দাবিতে নদিয়ার বগুলায় মতুয়া সমাবেশ। মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি ও বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের দাবি, রাজ্যে দ্রুত নাগরিকত্ব সংশোধনী আইন বলবত করতে হবে। "তৃণমূল সরকার ক্ষমতায় থাকতে রাজ্যে নাগরিকত্ব আইন বলবত করতে পারবে না বিজেপি।" পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল সাংসদ তথা নদিয়া জেলা তৃণমূল সভানেত্রী মহুয়া মৈত্র। তাঁর কথায়, ‘বিজেপি–র লোকজন অশিক্ষিত। ওই মিথ্যাবাদীগুলো কী বলল তার জবাব দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না। কিন্তু ওরা মতুয়াদের ক্রমাগত ভুল বোঝাচ্ছে। তৃণমূল থাকতে পশ্চিমবঙ্গে সিএএ কার্যকর হবে না। আমরা তা হতে দেব না।’ তিনি আরও বলেছেন "পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার যতদিন আছে ততদিন কাউকেই নাগরিকত্বের প্রমাণ দেখাতে হবে না।"

No comments:
Post a Comment