তৃণমূলের প্রার্থী হচ্ছেন সৌমিত্র-কন্যা! রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Friday, November 20, 2020

তৃণমূলের প্রার্থী হচ্ছেন সৌমিত্র-কন্যা! রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে

  টিএনই ডেস্ক  :  বাবার মৃত্যুর ৪৮ ঘণ্টা পেরিয়েছে মাত্র, এরই মধ্যে সৌমিত্র কন্যাকে নিয়ে শুরু হয়ে গেল রাজনৈতিক জল্পনা। সংবাদ মাধ্যমের এই জল্পনা নিয়ে সোশ্য়াল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিলেন পৌলমী বসু। 
          ১৫ নভেম্বর, রবিবার প্রয়াত হন কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে তাঁর শোভাযাত্রা ও শেষকৃত্যের রোডম্যাপ তৈরি করেন সৌমিত্র–কন্যা পৌলমী বসু। আর তার ঠিক দু’‌দিন পর ১৭ নভেম্বর এক অনলাইন সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে গুঞ্জনের সৃষ্টি করে যে যাদবপুর কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হতে চলেছেন পৌলমী বসু।
        আর এই প্রবীণ অভিনেতার মৃত্যুর পরেই কাটাছেঁড়া শুরু হয়েছে তাঁর পরিবার নিয়ে। কখন‌ও সৌমিত্র চট্টোপাধ্যায়ের অর্থনৈতিক পরিস্থিতি কখন‌ও ছেলে বা মেয়ে। সহজলভ্য নেট ব্যবহারকারীদের হাতে আক্রান্ত প্রত্যেকেই। তবে এবার কড়া পদক্ষেপ নিয়েছেন পৌলমী।ঘটনার সূত্রপাত নির্দিষ্ট একটি সংবাদ মাধ্যমের রটনা থেকে। যেখানে লেখা হয়, তৃণমূল কংগ্ৰেসের হয়ে যাদবপুর কেন্দ্রে প্রার্থী হতে পারেন সৌমিত্র কন্যা। পিতৃশোক কাটিয়ে উঠতে না উঠতেই এরকম একটা খবরে সোশ্যাল মিডিয়ায় দেখে সরব হয়েছেন পৌলমী। তিনি লিখেছেন, “এটা কি ধরনের অসভ্যতা? কোনও দায়িত্বজ্ঞান নেই? এই ধরনের রাবিস কী করে লিখতে পারেন? দু’দিন হল আমার বাবা চলে গেছেন। একটু শোক পালন করতে দিন…দয়া করে আমায় শোক পালন করতে দিন।”
      তবে এই প্রথমবার নয়। সৌমিত্র চট্টোপাধ্যায় হাসপাতালে থাকাকালীন সংবাদ মাধ্য়মের একাংশের ওপর ক্ষোভ প্রকাশ করেছিলেন পৌলমী। তাঁর অভিযোগ, তাঁর ও তাঁর পরিবারের বিষয়ে ভুল তথ্য রটানো হচ্ছে। যা কখনোই উচিত নয়। ফেসবুকের কিছু স্ক্রিনশট শেয়ার করে পৌলমী লিখেছিলেন, “আমি বিচলিত নই, কিন্তু ভুলভাল খবরের একটা লিমিট থাকে। বিশেষত যখন আমার বাবা ভয়ংকর লড়াই করছেন, তখন কিছু মানুষ কোনও ফ্যাক্ট না জেনে রটনায় ব্যস্ত। দেখুন আপনারা, লিংকও দিলাম।”
       সোশ্যাল মিডিয়ায় পৌলমী বসুর ক্ষোভ প্রকাশের মধ্যে দিয়ে মনে করা হচ্ছে এমন কিছু অদূর ভবিষ্যতে ঘটবে না। বাবার মৃত্যুর পরপরই এমন রাজনৈতিক জল্পনায় তাঁর নাম জড়াবে তা ভেবে অত্যন্ত দুঃখিত পৌলমী। অন্যদিকে, বাম শিবিরের মতে, বরবারই বামপন্থী ঘরানার রাজনীতিতে বিশ্বাস করতেন সৌমিত্রবাবু। তাঁর পরিবারেও সেই রেশ রয়েছে। তাই সৌমিত্র চট্টোপাধ্যায়ের অসুস্থ হওয়া থেকে তাঁর শেষকৃত্যু পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পৌলমীর পাশে থেকেছেন তার প্রতিদান যে দলীয় পতাকা হাতে নিয়ে দেখাবেন পৌলমী তা মানতে চান না অনেক রাজনীতিবিদ।এদিকে, শাসকদলের এক নেতা ওই অনলাইন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘‌মহানায়িকা সুচিত্রা সেনের শেষকৃত্যের পরেই মুনমুন সেনকে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। এবারও তেমন কোনও ঘটনা ঘটছে বলেই মনে করা হচ্ছে।’

No comments:

Post a Comment