রেলের চূড়ান্ত ছাড়পত্র,মাঝেরহাটের নতুন ব্রিজ চালুতে আর বাধা নেই - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Saturday, November 28, 2020

রেলের চূড়ান্ত ছাড়পত্র,মাঝেরহাটের নতুন ব্রিজ চালুতে আর বাধা নেই

টিএন ই ডেস্ক :    শুক্রবার চূড়ান্ত ছাড়পত্র দিয়ে দিল রেল, ফলে খুব শীঘ্রই মাঝেরহাট নতুন ব্রিজ চালু হয়ে যাবে। সব কিছু ঠিকঠাক চললে আগামী কয়েকদিনের মধ্যে নতুন রুপে চালু হবে মাঝেরহাট সেতু। বিদ্যাসাগর সেতুর (দ্বিতীয় হুগলি সেতু)-র আদলে তৈরি করা হয়েছে নতুন মাঝেরহাট সেতু। এটি লম্বায় প্রায় ৬৫০ মিটার। সেতুর ২২৭ মিটার অংশ ধাতব কেবলের সাহায্যে ঝুলন্ত। মাঝেরহাট সেতু সর্বোচ্চ ৩৮৫ টন পর্যন্ত ওজন নিতে সক্ষম।
          বর্তমান ব্রিজ আগের থেকে দেখতে অনেকটাই আলাদা। নতুন সেতুর স্বাস্থ্যের উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সেতুর ভার কখন কেমন, তা পরিমাপের জন্য বসানো হয়েছে বিশেষ ধরনের সেন্সর। কিছুদিন আগে হয়ে গিয়েছে ব্রিজের ভার পরীক্ষাও। গাড়ি চলাচলের সময় অতিরিক্ত ভার হলেই সেন্সর জানান দেবে। নতুন এই সেতুর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
       বৃহস্পতিবার দুপুরে সেতু খুলে দেওয়ার দাবিতে বিজেপির বিক্ষোভ কর্মসূচি ঘিরে ধুন্ধুমার বেঁধে যায়। রাজ্যের গাফিলতিতে তা চালু হচ্ছে না বলে অভিযোগ তোলেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। নবান্ন থেকে সেই অভিযোগ সরাসরি খারিজ করে দেন মুখ্যমন্ত্রী, এ নিয়ে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। তিনি পালটা রেলের উপর দোষ চাপান।
         ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর। ভেঙে পড়েছিল বেহালা-কলকাতা সংযোগকারী মাঝেরহাট ব্রিজটি।এ নিয়ে রাজনৈতিক চাপানউতোরও কম হয়নি। রেল, রাজ্য পরস্পর পরস্পরকে দুষেছে লাগাতার। তা স্রেফ মেরামতির দিকে না গিয়ে দ্বিতীয় হুগলি সেতুর ধাঁচে নতুন করে ৬৫০ মিটার দীর্ঘ নয়া সেতু তৈরির কাজে হাত দেয় পিডব্লুডি, কলকাতা পুরসভা। কাজ প্রায় সম্পূর্ণ। লোড টেস্টিং ও কেবল ফিক্সিং পর্বে পাশ করার পর রেলের সেফটি সার্টিফিকেটের  অপেক্ষা ছিল। এবার তাও পাওয়া গেল।
         শুক্রবার সন্ধেবেলা রেলের পক্ষ থেকে চূড়ান্ত ছাড়পত্র পাওয়া গিয়েছে। ফলে মাঝেরহাটের নতুন ব্রিজ চালুতে আর বাধা নেই। যে কোনও দিন রাজ্য চাইলেই সেতু দিয়ে যাতায়াত শুরু করা যাবে।আগামী সপ্তাহ থেকেই ফের আগের মতো মাঝেরহাট ব্রিজ ধরে কম সময়ে অনেকটা দূরত্ব পেরতে পারবেন নিত্যযাত্রীরা। এখন তারই অপেক্ষা।

No comments:

Post a Comment