প্রতীচী নিয়ে বিতর্কে অমর্ত্য সেন, পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী
টিএনই ডেস্ক : শান্তিনিকেতনে অমর্ত্য সেনের বাড়ি 'প্রতীচী' - এর জমি নিয়ে ক্রমাগত বিতর্ক বেড়েই চলেছে রাজনৈতিক মহলে। আর এরই জেরে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন অত্যন্ত ক্ষুব্ধ। তার পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অমর্ত্য সেন কে উদ্দেশ্য করে তিনি একটি চিঠি লেখেন এবং সেই চিঠির পাল্টা জবাব দিলেন অমর্ত্য সেন। মুখ্যমন্ত্রী কে জানান "আপনার সমর্থনের ভরসা পেলাম।"
সোমবার বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠকে যোগদান করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন 'প্রতীচী' বিতর্ক নিয়ে মুখ্যমন্ত্রী কে চিঠি লেখেন অমর্ত্য সেন। চিঠিতে তিনি লেখেন, "চিঠিতে আপনার সমর্থনের কথা জানতে পেরে আমি খুব খুশি। এটা শুধু আমাকে স্পর্শ করেনি আমাকে আশ্বস্ত করেছে। আপনার ব্যস্ত জীবনের মধ্যেও আক্রান্ত মানুষের জন্য আপনি সময় বের করেছেন। আপনার শক্তিশালী কন্ঠ, যা ঘটেছে তা নিয়ে আপনার উপলব্ধি আমার কাছে শক্তির উৎসস্বরূপ।"
বিশ্বভারতীর সঙ্গে জমি বিতর্কে পাশে দাঁড়ানোর জন্য এর আগেও মুখ্যমন্ত্রীকে নোবেলজয়ী অমর্ত্য সেন 'বোন' এবং 'বন্ধু' বলে উল্লেখ করেছিলেন।
সম্প্রতি অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়ি 'প্রতীচী' নিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে তাঁর বিবাদ বাঁধে। বিশ্বভারতী কতৃর্পক্ষের অভিযোগ ওই বাড়ির খানিকটা অংশ বিশ্ববিদ্যালয়ের জমি। অমর্ত্য সেন এর পরিবার ওই জমি বেআইনিভাবে দখল করে নিয়েছে এবং বাড়ি বানিয়েছে। যদিও এই অভিযোগের নেপথ্যে তাদের নিজেদের দুর্বলতা রয়েছে বলে জানা যাচ্ছে।
এবছর পৌষ মেলার মাঠে পাঁচিল তোলা নিয়ে বিতর্কের সূত্রপাত হয়েছিল তা থেকে জানা গেছে বিশ্বভারতীর বহু জমি তাদের নিজেদের নামে নেই। লিজ দেওয়ার পর বহু বহু বছর ধরে সেখানে যাদের বসবাস ভূমি দপ্তর এর নিয়ম অনুযায়ী তাদের নামে রেজিস্টার্ড। তবে সম্প্রতি এই জমি গুলি পুনরুদ্ধারের জন্য তৎপর হয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ যার জেরে 'প্রতীচী' তে বেআইনি নির্মাণের অভিযোগ এনেছে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের পরিবারের বিরুদ্ধে।
এর জেরে মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার বলেছিলেন, "উনি আদর্শগতভাবে বিজেপি বিরোধী বলে এমন চক্রান্ত চলছে। এটা নিন্দনীয়। অমর্ত্য সেনের অপমান মানে বাংলার অপমান। তা মেনে নেয়া হবে না।"

No comments:
Post a Comment