লক্ষ টাকার ঘুষ দেওয়ার অভিযোগে নাম জড়ালো অর্ণব গোস্বামীর
টিএনই ডেস্ক: টিআরপি কেলেঙ্কারি নিয়ে আরেকটি চাঞ্চল্যকর তথ্যে উঠে এল। এই বিস্ফোরক তথ্য দাবি করল মুম্বই পুলিশ। তাঁদের বক্তব্য অনুসারে, রিপাবলিক টিভির রেটিং অনৈতিকভাবে বাড়িয়ে দেওয়ার জন্য BARC-এর প্রাক্তন CEO পার্থ দাশগুপ্তকে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়েছেন অর্ণব গোস্বামী। গতকাল আদালতে এই মামলায় একটি রিমান্ড নোট দাখিল করেছে মুম্বই পুলিশ। যাতে দাবি করা হয়েছে, নিজের পদমর্যাদার অপব্যবহার করে BARC-এর প্রাক্তন CEO পার্থ দাশগুপ্ত একাধিক চ্যানেলের টিআরপিতে হেরফের করেছেন।
আর খোদ অর্ণব গোস্বামী রিপাবলিকের হিন্দি এবং ইংরেজি চ্যানেলের রেটিং বাড়িয়ে নেওয়ার জন্য তাঁকে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়েছেন। প্রসঙ্গত ২৫ ডিসেম্বর টিআরপি কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিলের (Broadcast Audience Research Council) প্রাক্তন CEO পার্থ দাশগুপ্তকে গ্রেপ্তার করে মুম্বই পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মুম্বই পুলিশের দাবি, পার্থকে জেরা করেই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। এই পার্থ দাশগুপ্তই নাকি পুরো টিআরপি কেলেঙ্কারির মাস্টারমাইন্ড। পুলিশের দাবি, অর্ণব গোস্বামী পার্থর পাশাপাশি BARC-এর প্রাক্তন COO রমিল রামঘরিয়াকেও মোটা অঙ্কের ঘুষ দিতেন। ঘুষের টাকায় পার্থ নাকি মূল্যবান সামগ্রী কিনতেন, যা কিনা পুলিশ তাঁর ফ্ল্যাট থেকে বাজেয়াপ্তও করেছে। মামলার আরও তদন্তের জন্য পার্থ দাশগুপ্তকে আরও কিছুদিনের জন্য হেফাজতে চেয়েছে মুম্বই পুলিশ। বস্তুত, পুলিশের দাবি যদি প্রমাণিত হয়, তাহলে অর্ণব গোস্বামী বড়সড় বিপাকে পড়তে চলেছেন, তাতে সংশয় নেই।

No comments:
Post a Comment