জাত লেখা স্টিকার থাকলে গাড়ি বাজেয়াপ্ত করবে উত্তরপ্রদেশ পুলিশ, সিদ্ধান্ত যোগী সরকারের
টিএনই ডেস্ক : ভারতে বিভিন্ন জাতির লোক বসবাস করে। বিভিন্ন জাতির বিভিন্ন মত। তবে কিছু মানুষ তাদের নিজেদের গাড়ি বা মোটরসাইকেলে নিজেদের জাত উল্লেখ করা স্টিকার আটকে রাখেন। যদিও এ রাজ্যে তেমন চল নেই। এবার এর বিরুদ্ধে সোচ্চার হলো উত্তর প্রদেশ পুলিশ। যোগী আদিত্যনাথ প্রশাসন জানিয়েছে এ ধরনের স্টিকার গাড়িতে লাগানো থাকলে তা বাজেয়াপ্ত করা হবে।
উত্তরপ্রদেশের কোনো গাড়ির নাম্বার প্লেট - এ যদি কেউ নিজেদের জাত উল্লেখ করে স্টিকার সেঁটে ঘুরে বেড়ান, তাহলে সেই গাড়ি সরকার বাজেয়াপ্ত করবে। যাদব, জাঠ, গুর্জর, ব্রাহ্মণ, ক্ষত্রিয় - এমন আত্মপরিচয় বহনকারী স্টিকার লাগানো থাকে অনেকেরই গাড়িতে। এতে যেমন তাদের সামাজিক প্রতিপত্তি বোঝা যায়, ঠিক তেমনি রাজনৈতিক দিক থেকে ওই ব্যক্তির মর্যাদা কতটা তাও জানা যায়। কিন্তু যোগী রাজ্য এবার জানিয়েছে, জাতপাত নিয়ে কোনোরকম বিভেদ তারা মেনে নেবে না। তাই আত্মম্ভরিতা ছড়ানো এই ব্যবস্থার ওপর নিষেধাজ্ঞা জারি করতে চলেছে সরকার। প্রধানমন্ত্রীর অফিসের নির্দেশে রাজ্য পরিবহন দপ্তর জাতের স্টিকার লাগানো গাড়ির প্রতি কঠোর ব্যবস্থা নেওয়া শুরু করেছে।
এই ব্যাপারটির ওপর ব্যবস্থা নেওয়ার জন্য প্রথম আবেদন করেছিলেন মহারাষ্ট্রের জনৈক শিক্ষক হর্সল প্রভু। এই ধরনের নালিশ জানানোর জন্য তৈরি সিস্টেম আইজিআরএস-এ চিঠি লিখেন এবং বলেন "এ ধরনের স্টিকার সামাজিক বোঝাপড়া নষ্ট করতে যথেষ্ট।" প্রধানমন্ত্রীর অফিস সেই চিঠি উত্তরপ্রদেশ সরকারকে পাঠিয়ে দেয়। উত্তরপ্রদেশের পরিবহন দপ্তরের ডেপুটি কমিশনার জানিয়েছেন, "এ ধরনের স্টিকার গাড়িতে লাগানো যাবেনা। যারা এই কাজ করবেন তাদের গাড়ি বাজেয়াপ্ত করা হবে।" রাজ্য এনফোর্সমেন্ট টিম জানিয়েছে উত্তরপ্রদেশে প্রতি ২০টি গাড়ির পিছু একটি গাড়িতে এ ধরনের স্টিকার দেখা গেছে। সদর দপ্তর নির্দেশ দিয়েছেন এর বিরুদ্ধে যেন কড়া ব্যবস্থা নেয়া হয়।
অভিযোগ করা হয়েছে সমাজবাদী পার্টির আমলে মুলায়ম সিং যাদব যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন তার গাড়িতে জাতপাতের উল্লেখ করাটাই তুমুল জনপ্রিয় হয়ে ওঠে। এসইউভি এবং মোটরসাইকেলে বোল্ড লেটারে যাদব লেখা স্টিকার তার স্ট্যাটাস সিম্বল হয়ে ওঠে। তাই এর বিরুদ্ধেই যোগী সরকার কড়া পদক্ষেপ গ্রহণ করেছে।

No comments:
Post a Comment