দীর্ঘ নয় মাস বাদে চালু হল পাহাড়ে টয়ট্রেনের ট্রায়াল রান
টিএনই ডেস্ক: দীর্ঘ ৯ মাস পর আবার শুরু হল টয় ট্রেন। আজ সকালে পাহাড়ের ঘুম ভাঙলো চেনা টয় ট্রেনের শব্দে। করোনাভাইরাসের পরিস্থিতিতে গত মার্চ মাস থেকে বন্ধ ছিল টয় ট্রেন পরিষেবা।
নতুন করে আবার ছন্দে ফেরার চেষ্টায় আজ ছিল হেরিটেজ টয়ট্রেনের ট্রায়াল রান। কাল অর্থাৎ ২৫শে ডিসেম্বর থেকে ফের চলতে শুরু করবে টয় ট্রেন। শিলিগুড়ি জংশন থেকে রংপুর পরীক্ষামূলকভাবে চলেছে টয় ট্রেন। তবে কবে থেকে পর্যটক নিয়ে চলবে সে বিষয়ে এখনো কোনো কিছু জানানো হয়নি। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে অধিকর্তা একে মিশ্র বলেন, "আমরা পরিষেবা আবারো শুরু করতে তৈরি ছিলাম।পরিষেবার জন্য রাজ্য সরকারের প্রয়োজনীয় অনুমোদন পেয়েছি আমরা। প্রাথমিকভাবে ২৫ ডিসেম্বর দার্জিলিং এবং ঘুমের মধ্যে জয়রাইড শুরু হবে।"
যদিও কার্শিয়াং পর্যন্ত একাধিক জায়গায় ভারী বৃষ্টির কারণে ধ্বস নেমেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে লাইন, তবে সংস্কারের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। দীর্ঘদিন বন্ধ ছিল ট্রেন পরিষেবা ইঞ্জিন কি অবস্থায় রয়েছে তা দেখতেই ট্রায়াল রান শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত ট লাইন গুলো পুরনো অবস্থা ফিরলেই পূর্ণ পরিষেবা চালু হয়ে যাবে।
তবে এর মধ্যে পর্যটক নেই পাহাড়ে। পর্যটন শিল্প ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে দার্জিলিং ট্যুর অপারেটর থেকে হোটেল মালিক, গাড়ি চালক এবং মালিকেরা। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে পাহাড় খুলে গেছে পর্যটকদের জন্য, তবে পর্যটক সংখ্যা তুলনামূলকভাবে অনেকটাই কম। যদিও ভিনদেশের পর্যটকদের ক্ষেত্রে এখনো অনুমতি দেয়নি কেন্দ্র। পর্যটকদের জন্য টয় ট্রেন পরিষেবা চালু হওয়ার পর তাদেরকে করোনাভাইরাস বিধি মেনে চলতে হবে। পড়তে হবে মাস্ক, ব্যবহার করতে হবে হ্যান্ড স্যানিটাইজার এবং তার সাথে সামাজিক দূরত্ব বিধি মানতে হবে। জয় রাইডের খরচ পড়বে ১০০০, ১৫০০ এবং ১৬০০ টাকা। পর্যটক আকর্ষণের জন্য দার্জিলিং সরকারের পক্ষ থেকে এই চেষ্টায় যুক্ত হয়েছে সকলে।

No comments:
Post a Comment