বছরের শুরুতে অটল টানেলে আটকে গেলেন বহু পর্যটক, উদ্ধার ৩০০
টিএনই ডেস্ক : কিছু মাস আগে পর্যটকদের যাতায়াতের জন্য খুলে দেওয়া হয়েছিল অটল টানেল। তবে যাতায়াত শুরুর পর থেকেই এই টানেলে প্রবল যানজট লেগেই রয়েছে। টানেলটি উদ্বোধনের পর বলা হয়েছিল মানালি থেকে লেহ পর্যন্ত যাতায়াতের সময় অনেকটাই কমে যাবে। কিন্তু বাস্তবে হয়েছে তার ঠিক উল্টোটা। মানালি থেকে লেহ- এর দূরত্ব কমেছে বটে। কিন্তু প্রবল যানজট লেগে থাকায় সময় আরো বেশি লাগছে। ইতিমধ্যে বেশ কয়েকটি দুর্ঘটনাও প্রশাসনকে চাপে ফেলে দিয়েছে। তবে এই টানেল পরিচালনার দায়িত্বে থাকা লোকজন জানিয়েছেন, তুষারপাতের জন্য সমস্যা বাড়ছে।
প্রবল তুষারপাতের কারণে নতুন বছরের শুরুতেই অটল টানেলের ভেতর আটকে গেলেন বহু পর্যটক। তাদের মধ্যেই ৩০০ পর্যটককে উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন ও সেনা জওয়ান। এখনো বহু পর্যটক টানেলে আটকে রয়েছেন। প্রবল যানজটের কারণে উদ্ধারকাজে বেশ সময় লাগছে। গভীর রাত পর্যন্ত চলছে উদ্ধার কাজ। উদ্ধার করা পর্যটকদের বাসে চাপিয়ে নিয়ে আসা হয় মানালিতে। অটল টানেলের সাউথ পোর্টাল থেকে সোলং হাইওয়ে পর্যন্ত ব্যাপক যানজট ছিল। তার ওপর প্রবল তুষারপাত। বেশ কয়েক ঘণ্টা এই টানেলে আটকে ছিলেন পর্যটকরা।
প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে, বছরের শুরু থেকেই অটল টানেলে গাড়ির সংখ্যা বেড়ে গেছে। ফলে এদিন কয়েকশো গাড়ি যানজটে আটকে যায়। নতুন বছরের শুরুতে বহু পর্যটক মানালিতে তে ঘুরতে গিয়েছেন, ফলে গাড়ির সংখ্যা ক্রমশ বেড়েছে। বছরের শেষ দিক থেকেই নিয়মিত অটল টানেলে যানজট শুরু হয়েছে। পর্যটকদের একাংশ তাই এই টানেল এড়িয়ে চলছেন বলেও জানা যাচ্ছে।

No comments:
Post a Comment