কলেজে টিএমসিপি-র সংঘর্ষে বোমাবাজি, পুড়লো ২ বাইক
টিএনই ডেস্ক : কলেজের গেটে দলের পতাকা লাগানো কে কেন্দ্র করে তৃণমূল ছাত্র পরিষদ এবং এবিভিপির সংঘর্ষে রণক্ষেত্র হয়ে উঠল বাজকুল কলেজ চত্বর। এই সংঘর্ষের সময় ব্যাপক বোমাবাজি ও ছাত্রদের বাইকে আগুন পর্যন্ত ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। সোমবার সকালে বাজকুল মিলনী মহাবিদ্যালয় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ঘটনাকে কেন্দ্র করে। অভিযোগ ঘটনার পরে তৃণমূল কর্মীরা বিজেপি পার্টি অফিস ভাঙচুর করে। ঘটনা রাত পর্যন্ত কোনো তরফেই অভিযোগ দায়ের হয়নি বলে পুলিশ জানিয়েছে। পুড়ে যাওয়া দুটি বাইক উদ্ধার করেছে। ঘটনায় দুই দলেরই ৭ জন জখম হয়েছেন।
সংঘর্ষের পরে দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে এগরা- বাজকুল ও দীঘা - মেচেদা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মী ও স্থানীয় ব্যবসায়ীরা। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগামী ৯ জানুয়ারি নারী নিরাপত্তা সহ একাধিক দাবিতে এবিভিপি মহামিছিলের ডাক দিয়েছিল। ভগবানপুর- ১ ব্লকের বাজকুল মিলনী মহাবিদ্যালয়ের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের দখলে রয়েছে। এবিভিপি ও স্থানীয় বিজেপি কর্মীরা কলেজগেটে পতাকা লাগাতে যান সেই সময় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা তাদেরকে বাধা দেয়। ফলে দু'দলের মধ্যে সংঘর্ষ বাঁধে পতাকার ছিঁড়ে দেওয়ার অভিযোগ ওঠে এবিভিপির বিরুদ্ধে। সংঘর্ষ চলাকালীন বোমাবাজি করে দুষ্কৃতীরা। কলেজ গেটের সামনে দাঁড়িয়ে থাকা দুটি বাইকে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। বোমাবাজি ও অগ্নিকাণ্ডের জেরে এলাকাটি রণক্ষেত্রের চেহারা নিয়েছে। ব্যবসায়ীরা ভীতসন্ত্রস্ত হয়ে দোকান বন্ধ করে দেন। ভগবানপুর থানার পুলিশ এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে তবে দমকল এসে পৌঁছানোর আগেই দুটি বাইক দুটি পুড়ে যায়।
প্রসঙ্গত, সোমবার বাইকে করে কলেজে মার্কশিট আনতে এসেছিল চন্ডিপুর থানার দিহিপুরুলিয়া গ্রামের সৌরভ মন্ডল। তার সাথে সহপাঠী ছিলেন। সংঘর্ষের সময় গেটের সামনে রাখা সৌরভের বাইক এবং অন্য আরেকটি বাইকে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। সৌরভের বাবা তপন মন্ডল বলেন, "ছেলে আমার বাইক নিয়ে কলেজে গিয়েছিল মার্কশিট নিতে। সংঘর্ষের সময় ছেলের বাইকে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। ওর কিছু হয়নি এটাই রক্ষে।"
তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি শতদল বেরা বলেন, "এবিভিপি সমর্থকরা জোর করে কলেজের ছাত্র সংসদ দখলের চেষ্টা করছে। সে জন্যই তারা হামলা করে। আমাদের কর্মীরা বাধা দিলে ওরা বোমাবাজি করে কয়েকজন ছাত্রের বাইকে আগুন ধরিয়ে দেয়। এবিভিপি এলাকায় সন্ত্রাস তৈরি করছে।
এবিভিপি-র জেলা প্রমুখ সুদীপ মন্ডল জানিয়েছেন, "মহামিছিলের সমর্থনে কর্মীরা পতাকা লাগাতে গিয়েছিলেন। তখন হামলা ও বোমাবাজি করে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরাই। আমাদের দুটি বাইকে আগুন লাগিয়ে দেয়। বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন। "

No comments:
Post a Comment