সম্পূর্ণ সুস্থ সৌরভ, কাল ফিরবেন বাড়ি, জানালেন দেবী শেঠি
টিএনই ডেস্ক : আপাতত সম্পূর্ণ সুস্থ আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আজই তাকে ছেড়ে দেওয়া হতে পারত, তবে আগামীকাল অর্থাৎ বুধবার হাসপাতাল থেকে ছুটি পাচ্ছেন বিসিসিআই সভাপতি। বিশিষ্ট চিকিৎসক দেবি শেঠি বলেন, "আজই বাড়ি ফিরতে পারতেন। আজ আমি এসেছি বলে যাচ্ছেন না।"
মঙ্গলবার সকাল ৯.৩০ নাগাদ উডল্যান্ডস হাসপাতালে আসেন বিশিষ্ট চিকিৎসক দেবি শেঠি। সেখানেই সৌরভের মেডিকেল রিপোর্ট খতিয়ে দেখেন এবং মেডিকেল বোর্ডের সঙ্গে আলোচনা করেন। কথা বলেন সৌরভের সাথে। উডল্যান্ডস হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে, এখন ভালো আছেন সৌরভ। রাতে ঘুম ভালো হয়েছে। সকালে প্রাতরাশ সেড়েছেন। আগামীকাল তাকে হাসপাতাল থেকে ছাড়া হবে। বাড়িতে নিয়মিত পর্যবেক্ষণে রাখা হবে। দিন পনেরোর মধ্যে সৌরভের এনজিওপ্লাস্টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
পরে যদিও দেবি শেঠি জানান, সৌরভের হৃদপিণ্ড ভালো আছে। হৃদপিণ্ড ক্ষতিগ্রস্ত হয়নি। ঠিক কুড়ি বছরের যুবকের মতই তার হৃদপিণ্ড। পুরোপুরি সুস্থ তিনি। সৌরভের জীবনযাপনের ধরনের কোনো রকম পরিবর্তন আসবে না। এমনকি ম্যারাথনেও দৌড়োতে পারবেন তিনি। বিমান চালানোর ধকলও নিতে পারবেন। তিনি আরো বলেন সৌরভের মতন একজন প্রাক্তন খেলোয়াড় মাত্র ৪৮ বছরেই হৃদরোগে আক্রান্ত হওয়ায় হৃদরোগের ওপর বাড়তি নজর দিচ্ছে সারা বিশ্বের মানুষ। প্রত্যেকেই ভাবছেন যে সৌরভ এর মতন একজন প্রাক্তন খেলোয়াড় কিভাবে এত কম বয়সে হৃদরোগে আক্রান্ত হতে পারে। কিন্তু ভারতের মধ্যে সেটাই বাস্তব ছবি। ভারতীয়রা যে জীবনযাপনে অভ্যস্ত, তাতে এটা খুবই সাধারণ। কোনো মানুষ কতটা ফিট, কতটা শক্তিশালী তার ওপর এটি নির্ভর করে না।
প্রসঙ্গত, গত শনিবার সৌরভের মৃদু হৃদরোগে আক্রান্ত হওয়ার পর বিসিসিআইয়ের ঘনিষ্ঠ মহল থেকে জানা গেছে, ২০০২-০৩ সালে শেষবার সৌরভের সম্পূর্ণ শারীরিক পরীক্ষা হয়েছিল। তার পরেও আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন সৌরভ। ২০০৮ সালে অবসর নেন। তবে মাঝের বছরগুলিতে কোন রকম শারীরিক পরীক্ষা হয়নি। মঙ্গলবার সেই নিয়মিত শারীরিক পরীক্ষার উপর দিয়েছেন দেবি শেঠি। তিনি জানান, "সকলেরই বছরে কমপক্ষে একবার শারীরিক পরীক্ষা করানো উচিত। তাহলে হৃদরোগের আগাম সংকেত মিলবে। এড়ানো যাবে হৃদরোগ।"

No comments:
Post a Comment